ব্যাবিলন গ্রুপের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

১৯ জানুয়ারি, ২০২৪ ১৪:১৫  

দশম বারের মতো সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি দিলো দেশের অন্যতম শীর্ষ আইটি প্রতিষ্ঠান ব্যাবিলন রিসোর্স ব্যাবিলন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ব্যাবিলন গ্রুপ। মিরপুরস্থ কর্পোরেট অফিসে ১১ জানুয়ারি অনুষ্ঠিত ‘ব্যাবিলন শিক্ষাবৃত্তি প্রকল্প’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি চিন্তাবিদ ও লেখক সলিমুল্লাহ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগী ইলাহী দাদ খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাবিলন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ ভুঁইয়া।

অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষাবৃত্তির এই কর্মসূচিটি কেবল খণ্ডকালীন উদ্যোগ নয়, ব্যাবিলন গ্রুপ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য নিয়মিত তদারকি করে আসছে। শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অনেকেই আজ বুয়েট শিক্ষক, চিকিৎসক, নৌবাহিনীর প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ পর্যায়ে আসীন। ২০০৮ সালে যাত্রা শুরু হয়েছিল ২৮জনকে নিয়ে, ২০২৪ সালে সে সংখ্যা ৭০০ জন ছাড়িয়ে গেছে। এ বছর মোট ৪১ জন শিক্ষার্থীকে দেয়া হবে এই বৃত্তি, যা তারা মোট চারটি কিস্তিতে পাবেন তাদের উচ্চমাধ্যমিক পড়াকালীন।

প্রধান অতিথি সলিমুল্লাহ খান বলেন, শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ একটি জাতির, দেশের, পরিবারের শ্রেষ্ঠ বিনিয়োগ। ব্যাবিলনের পক্ষ থেকে এই যে বিনিয়োগ এটাও শ্রেষ্ঠ বিনিয়োগ, এখানে কোনো মুনাফা নেই কিন্তু অমূল্য মুনাফা হলো কিছু শিক্ষিত মানুষ তৈরিতে সহায়তা করা।

বিশেষ অতিথি ইলাহী দাদ খান বলেন, শিক্ষা সুযোগ নয় শিক্ষা অধিকার। যে সকল শিক্ষার্থী মেধা দিয়ে তাদের এ অধিকার অর্জন করতে পেরেছেন তিনি তাদের স্বাগত জানান এবং এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি আরিফ ভুঁইয়া বৃত্তিপ্রাপ্ত সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান এবং ভালোভাবে পড়াশুনা করে সঠিক মানুষ হবার পরামর্শ দেন। তিনি বলেন, বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা সাফল্য ধরে রাখতে পারবে, তারা যাতে ভবিষ্যতে অপরের জন্য এমন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।